মিয়ানমারের রাখাইন পরিস্থিতি যতই খারাপই হোক, বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কথা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সেখানকার একমাত্র সমাধান বলে তাদের জানিয়েছি। বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে তা নিয়েও কথা হয়েছে।
২০১৭ সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী, ২৫ আগস্ট ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় ৬ লাখ ৫৫ হাজার থেকে ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এ মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত ২২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সময়ের সাথে সাথে রোহিঙ্গাদের নিয়ে নানান ধরনের জটিতা বাড়ছে।





