শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন বাতিল চেয়ে শ্রম আদালতে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে জামিনেই থাকবেন তিনি। জামিন বহাল রাখার পাশাপাশি ব্যক্তিগত হাজিরা থেকেও তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে ড. ইউনূসের জামিন বাতিল চেয়ে আবেদন করেন আইনজীবী খুরশিদ আলম খান। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আদালত।
আবেদনে বলা হয়, ড. ইউনূস আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। তার জামিন বাতিল করা প্রয়োজন।
এর আগে, গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।





